
নিজস্ব প্রতিবেদক | BCN Channel | ২৫ অক্টোবর ২০২৫
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানার গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের ৪০ হাজার ৫০ টাকা নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল করিম (৩৬), পিতা মৃত আমির হোসেন, সাং- হাকিমপুর ক্লাবপাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব জানায়, আব্দুল করিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা জানান, মাদক সমাজের ভয়াবহ ব্যাধি হিসেবে যুবসমাজকে ধ্বংস করছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাবের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন অব্যাহত থাকবে,” তিনি আরও বলেন।
📍র্যাব-১০ এর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।